ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৫৯৩

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৫৯৩ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৮৬ হাজার ৩১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।



