জাতীয় সংবাদ

শেখ হাসিনার রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির মিছিল

প্রবাহ রিপোর্ট ঃ শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর শাখা। গতকাল শনিবার বিকেল ৪টার পর বাংলামোটরের নেভিগোলী থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় শ্রমিক শক্তি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও ছিলেন। এ সময় তারা ‘খুনি হাসিনার বিচার চাই,’ ‘লীগ ধর, জেলে ভর’সহ একাধিক স্লোগান দেন। এনসিপির মিছিলটি শাহবাগ হয়ে মৎস্যভবন এলাকা প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। এমনটি হলে জনগণ মানবে না। ফ্যাসিবাদের সহযোগী কোনও দলকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা কোনও আপস করবো না। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনূভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ বলেন, ট্রাইব্যনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে আমরা শুরুতেই স্বাগত জানিয়েছি। তবে তা দ্রুত কার্যকর করতে হবে। এতে মানুষ ইনসাফ পাবে। আমরা মনে করি এই রায় কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং জনগণের ন্যায়বিচার। এ বিষয়ে কোনও ধরনের আপস চলবে না। এনসিপি আহ্বায়ক বলেন, ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আশা করবো তাকে ফেরত দিয়ে দেশটি বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়বে। আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের মৈত্রী অব্যাহত থাকুক। তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার দেশ গুম-খুনসহ মানবতাবিরোধী অনেক কাজে জড়িত ছিলো। তাদের বিচারে বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখা হবে। রাজনৈতিক দলগুলোকে এমন প্রতিশ্রুতি দিতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ একটি তারা মানবতাবিরোধী দল। কারণ, বিগত দিনে তারা পিলখানা, শাপলা ও মোদিবিরোধী আন্দোলনে গণহত্যা করেছে। জুলাই আন্দোলনের সময় নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে। লাশ পুড়িয়ে ফেলেছে। আয়নাঘরে নির্যাতন করেছে। তাই তাদের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখতে চাই। শেখ হাসিনার হিম্মত থাকলে দেশে এসে প্রতিবাদ করুক। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোট আসার পর জাতীয় পার্টিকে দিয়ে কিছু আসন পাওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। সিভিল সোসাইটির কিছু লোক আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও চৌদ্দ দল প্রসঙ্গে কথা বলছে। তারা মূলত ব্যাংক লুটেরা। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনও দল ভারতের সঙ্গে মৈত্রী করে ক্ষমতায় আসতে চায় তাদের পরিণাম আওয়ামী লীগের মতো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button