জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ৫৬ হাজার ৮৯০ টন গম

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আমদানিকৃত গমের প্রথম চালান দেশে পৌঁছেছে। ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে ‘এম ভি ইভিটা’ নামের জাহাজটি গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। গতকাল রোববার বিকালে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। খাদ্য মন্ত্রণালয় জানায়, ‘জিটুজি ২’ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এম ভি ইভিটা জাহাজে আসা এই চালানটি উক্ত চুক্তির অধীনে প্রথম চালান। এর আগে ‘জিটুজি ১’ চুক্তির আওতায় সফলভাবে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি সম্পন্ন করেছে সরকার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চালানের ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শেষে মান নিশ্চিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এই গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button