নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত বিএনপির: খন্দকার মোশাররফ

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এটি আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অফিস করেছেন। সেই উপলক্ষেই আমরা স্থায়ী কমিটির সদস্যরা এখানে একত্রিত হয়েছিলাম।” ড. মোশাররফ জানান, অনানুষ্ঠানিক এই আলোচনায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।” এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তারেক রহমান তার কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ^র চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অভ্যর্থনা জানান।



