জাতীয় সংবাদ

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন লিংকন

প্রবাহ রিপোর্ট : জাতীয় পার্টি (কাজী জাফরের অংশ) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। গতকাল রোববার তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগের বিষয়টি তিনি গত শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। আজ সোমবার, ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি উভয় পক্ষ থেকেই তিনি বিশ^াসঘাতকতার শিকার হয়েছেন। ফেসবুক পোস্টে তিনি অতীতে গ্রেপ্তার, কারাবরণ, হামলা ও মামলার বর্ণনা দিয়ে লেখেন, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি। এ অবস্থায় তিনি দল ত্যাগ করে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিংকন ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে। উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮ সালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button