জাতীয় সংবাদ

৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি: নাহিদ

প্রবাহ রিপোর্ট ঃ সারা দেশে ৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এটি এখনো চূড়ান্ত নয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের ৪৭টা নমিনেশন সাবমিট হয়েছে। কারা জমা দিয়েছে, তা শিগগিরই জানতে পারবেন। সেখানে আসিফ মাহমুদের আসনে আমাদের কোনো প্রার্থী নেই। আপনারা এখানে আমাদের জোটের প্রার্থীদের দেখতে পাবেন। নাহিদ আরও বলেন, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই এটা চূড়ান্ত হবে। আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। যেহেতু কিছু বাতিল হতে পারে। দলের স্বার্থে যারা এবার নির্বাচন করবে না, তাদের দল পরে মূল্যায়ন করবে বলা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, এনসিপি সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। যারা দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ করেছে, সেটা দল অবশ্যই মূল্যায়ন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার প্রমুখ। এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ নাহিদ ইসলামের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে, নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন এবং নাহিদ ইসলামকে শুভকামনা জানান। আতিকুর রহমান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। আতিকুর রহমান তার পোস্টে লেখেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড়ো জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহত্তর ঐক্যের স্বার্থে আমি ঢাকা-১১ আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। তিনি আরও লেখেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড়ো জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে সাধ্যমতো চেষ্টা চালিয়েছি। নেতাকর্মী ও বিশেষ করে নারী কর্মীদের অবর্ণনীয় ত্যাগের কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button