এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ: ডা. তাহের

প্রবাহ রিপোর্ট ঃ এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ -মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিনি বলেন, এমনটি আর কখনো ঘটেনি। সুতরাং বলা যায়, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা রাইটিস্ট এবং ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, তারা সবাই ঐক্যবদ্ধ। গতকাল সোমবার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ডা. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। মানুষ জেনে গেছে কারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত। এই নির্বাচনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ অনেকে।



