জাতীয় সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক : মাগফিরাত কামনায় দোয়া

প্রবাহ রিপোর্ট ঃ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া ঃ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম, আমাদের অভিভাবককে হারালাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের এক প্রতীককে হারালাম। নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বগুড়াবাসী সব সময় গর্ববোধ করতাম। বগুড়ায় তার শ্বশুর বাড়ি- এই পরিচয় আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি আলাদা মর্যাদা এনে দিয়েছিল। তার মৃত্যুতে যেন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। পিরোজপুর ঃ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় জেলা কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমরা আজ অভিভাবকহারা। শুধু আমরা না, পুরো জাতি অভিভাবক হারা হয়ে গেছে। জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, পুরো জাতি আজ শোকাহত। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা শরীফের পীর ও জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ্ব মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে একজন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে উল্লেখ করেন। তার নির্দেশে দেশের তিন হাজারের বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button