মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

প্রবাহ রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় সন্তান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে জিয়া উদ্যানে খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারেক রহমান। তারেক রহমান ছাড়াও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরে অন্তর্বর্তী সরকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও তিন বাহিনী প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম দেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের সদস্যরা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।



