জাতীয় সংবাদ

সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

প্রবাহ রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রবিউল ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে আটকের পর নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে। রোববার (৪ জানুয়ারি) ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাড়ি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে। তিনি নিজাম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী।
এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ভোরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকায় গরু আনতে যান রবিউল ইসলামসহ তিন যুবক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা রবিউল ইসলামকে আটক করে। পরে তাকে নির্যাতন করে হত্যা করে তারা। এর মধ্যে তার সঙ্গে থাকা মানারুল (৪০) ও রমজান আলী (৩৫) নামের দুই যুবক পালিয়ে আসেন। রোববার সকালে আটক রবিউল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, ভোররাতে তিনজন মিলে সীমান্তে গরু আনতে যায়। পরে জানা যায়, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, রবিউল ইসলাম নামের এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ তার পরিবার বিজিবির কাছে জানিয়েছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button