গণভোট নির্ধারণ করবে আরেক ফ্যাসিস্ট তৈরি হবে কিনা: আলী রীয়াজ

প্রবাহ রিপোর্ট ঃ ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা, তা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নির্বাচনি কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, আপনি ঠিক করে দেবেন আগামীতে বাংলাদেশে এই ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে কী হবে। আগামী ৫০ বছরের বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে। আপনি ঠিক করে দেবেন- শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কী হবে না। এটা আপনি ঠিক করবেন, বাংলাদেশের মানুষ ঠিক করবে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কীভাবে চলবে, তা গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের বিষয়ে দেশের জনগণই গণভোটে রায় দেবে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। এবার সেই সুযোগ জনগণেরই থাকবে। আপনি চাইলে অংশ নিতে পারবেন, চাইলে না নিতেও পারেন।



