জাতীয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা-সন্ত্রাসবিরোধী আইনসহ ১৩ বিল পাস

প্রবাহ রিপোর্ট ঃ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৩টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুই দফায় এসব বিল কণ্ঠভোটে পাস হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ এবং ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও তাদের পক্ষে প্রতিমন্ত্রীরা উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পৃথক অধিবেশনে বিলগুলো পাস হয়। সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো: অধিবেশনের প্রথম ভাগে পাঁচটি বিল পাস করা হয়। এগুলো হলো: ১. সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। ২. সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬।
৩. প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬। ৪. শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (এই বিলের মাধ্যমে ‘শেখ হাসিনা’র নাম বিলুপ্ত করা হয়েছে)। ৫. পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬। অধিবেশনের দ্বিতীয় ভাগে আরও আটটি বিল পাস হয়। এগুলো হলো: ৬. জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬। ৭. জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬ (এর মাধ্যমে শেখ পরিবারের বিশেষ সুবিধা বাতিল হলো)। ৮. স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬। ৯. পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬। ১০. বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬। ১১. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬। ১২. বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬। ১৩. কোড অব সিভিল প্রসিডিউর (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬। সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে পাসের আইনি বাধ্যবাধকতা থাকায় অধিবেশনের কার্যকাল বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে এগুলো পাস করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৩টি গুরুত্বপূর্ণ বিল সংসদীয় অনুমোদন পেল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button