ভারতে মুসলিম ফেরিওয়ালার দাড়ি টেনে অবমাননা : পিটিয়ে জখম

# সর্বস্ব লুটে নিয়ে ‘পাকিস্তানে চলে যাও’ বলে গালিগালাজ #
প্রবাহ রিপোর্ট ঃ ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় এক বৃদ্ধ মুসলিম ফেরিওয়ালার ওপর বর্বরোচিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বৃদ্ধের দাবি, হামলাকারী তার দাড়ি ধরে টেনেছে, টুপি খুলে ফেলেছে এবং সাম্প্রদায়িক গালিগালাজ করে তাকে ‘পাকিস্তানে চলে যেতে’ বলেছে। গত ২ মে প্রতাপগড়ের দেরওয়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাকসুদ আলী পেশায় একজন ফেরিওয়ালা। সেদিন বিকেল ৪টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মনোজ নামে এক ব্যক্তি একটি গ্রামের কাছে তাকে গতিরোধ করে। কোনো উসকানি ছাড়াই মনোজ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে বলে জানা গেছে। মাকসুদ আলী অভিযোগ করে বলেন, “সে আমাকে গালি দিয়ে বলছিল, ‘এখানে কী করছিস?’ এরপর সে আমার দাড়ি ধরে টান দেয়, মারধর করে এবং বলে, ‘পাকিস্তানে চলে যা’।” বৃদ্ধের দাবি, অভিযুক্ত ব্যক্তি লাঠি ও রড দিয়ে তার ওপর হামলা চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। হামলা চলাকালীন তার মাথার টুপিও খুলে ফেলা হয় এবং তাকে লক্ষ্য করে চরম অবমাননাকর সাম্প্রদায়িক মন্তব্য করা হয়। মাকসুদ আলী আরও বলেন, “সে আমাকে বলছিল এখান থেকে চলে যেতে, নাহলে আমার মুখ থেঁতলে দেবে।” ঘটনার একপর্যায়ে অন্য এক ব্যক্তি সেখানে উপস্থিত হলে মাকসুদ আলী কোনোমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। শারীরিক নির্যাতনের পাশাপাশি মাকসুদ আলী অভিযোগ করেছেন যে, তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে। ফেরি করে জমানো এই অর্থ তার আয়ের প্রধান উৎস ছিল। এই ন্যাক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন। তবে তার অভিযোগ, ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অসহায় মাকসুদ আলী আক্ষেপ করে বলেন, “আমি গরিব মানুষ। এখন আমি কী করব? পেটের দায়ে কাজ করব নাকি এসবের পেছনে ছুটব?” উত্তরপ্রদেশের এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।



