নেতানিয়াহুর পদত্যাগ ও ইরান যুদ্ধের বিরুদ্ধে উত্তাল ইসরায়েল: রাজপথে হাজারো মানুষ

প্রবাহ রিপোর্ট ঃ গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র গণবিক্ষোভ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টেনে নিচ্ছেন এবং বন্দিদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন। বিশেষ করে ইরানের সাথে নতুন করে যুদ্ধাবস্থা তৈরির প্রচেষ্টাকে তারা ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা অবিলম্বে আগাম নির্বাচন এবং হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানান। তেল আবিবের কেন্দ্রস্থলে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন চাই’ এবং ‘ইরানের সাথে যুদ্ধ নয়’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পুলিশের সাথে বেশ কিছু জায়গায় বিক্ষোভকারীদের ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। বিরোধী দলীয় নেতারাও এই আন্দোলনে সমর্থন জানিয়ে বলেছেন, বর্তমান সরকারের ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুর এখনই সরে যাওয়া উচিত। উল্লেখ্য, গাজা সংঘাতের পর থেকেই ইসরায়েলের অভ্যন্তরে জনমত নেতানিয়াহুর বিরুদ্ধে চলে যেতে শুরু করে। সম্প্রতি ইরানের সাথে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই ক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে।



