জাতীয় সংবাদ

সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। শুক্রবার সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)। তাদের মৃত্যুও স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে সরকারি হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কার্যক্রমও চালু রয়েছে। মক্কা ও মদিনার চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ অফিস। উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button