একদিনে নিশ্চিত হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৩২৯ জন। ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে।



