ভাগ্নিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা : মামা নিহত

প্রবাহ রিপোর্ট ঃ চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ইশাতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি সপরিবারে ঢাকার যাত্রাবাড়ী থেকে সচিবালয়ের গাড়ি চালান। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত। খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম এসব তথ্য জানান। চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান ফাঁকা অ্যাম্বুলেন্সসহ তাকে থামান। জসিম তাদের রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত টাকের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।



