ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন)) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মন্নানের ছেলে।
২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান আব্দুল্লাহ আল মাসুদ মধু। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানিয়েছেন, ধানমন্ডি থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা আছে।
তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে ঝালকাঠিতে আনা হবে।



