আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

প্রবাহ রিপোর্ট ঃ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জমা দিয়েছেন। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জমা দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের রিপোর্ট জমা দিবে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর হাতে পৌঁছেছে। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এ সময় তদন্তের বিভিন্ন দিক এবং সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হতে পারে। এর আগে বুধবার (২৭ মে) ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণেই এ ঘটনা ঘটেছে। মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়াও আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ইতিমধ্যেই তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে। ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ি করেন। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন দিকে এখন নজর সংশ্লিষ্ট পরিবার, চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের। প্রতিবেদনে মৃত্যুর কারণ এবং সম্ভাব্য দায় নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবজাতকদের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে একটি মামলাও দায়ের হয়েছে।



