বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রবাহ রিপোর্ট : টানা কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী-সংলগ্ন নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে আরও ১০ জেলা।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদী অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় এবং উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদীসংলগ্ন নি¤œাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।
তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী-সংলগ্ন নি¤œাঞ্চলগুলোয় বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে হ্রাস পেতে পারে এবং নদী-সংলগ্ন নি¤œাঞ্চলগুলোয় বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যাকবলিত রয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত : বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার।
মাহদী আমিন বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দিয়েছেন।
এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


