জাতীয় সংবাদ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি : চার জনকে শোকজ

প্রবাহ রিপোর্ট ঃ এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের মধ্যে প্রশ্নপত্রে ত্রুটি থাকায় চারজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র বিষয়ের প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত চার জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরে এ নোটিশ দেয়া হয়। এতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি/অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে। একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসঙ্গতি যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। বন্যার মধ্যে পরীক্ষা নেওয়া বন্ধ রাখা, প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষামন্ত্রীর আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পরীক্ষা সংক্রান্ত আন্দোলনের বিষয়ে জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি প্রশ্নে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদ অধিবেশনে বলেন, প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button