কেউ ছোড়েনি, চাকায় লেগে রাস্তা থেকে ছিটকে গাড়িতে পড়ে ইটের টুকরা : এসপি

প্রবাহ রিপোর্ট ঃ বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরা পেছনের নিরাপত্তাকর্মীর গাড়িতে এসে পড়ে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) সকালে সড়ক পথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়। পরে প্রশাসনের নজরে এলে বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়ির গ্লাসে এসে পড়ে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরো বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে ওই যুবক ঘটনার পুরোটা সময় তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রীর আসা ও তারপরেও একটানা ভিডিও করেছেন তিনি। তাকেও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত, সড়েক থাকা ইটের টুকরা ছিটকে এসে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।



