আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা

প্রবাহ রিপোর্ট ঃ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। ম্যাচটি বড় পর্দায় দেখতে শহরের বিভিন্ন সড়কে জড়ো হওয়া হাজারো সমর্থকের মধ্যে পরাজয়ের পর হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। এরপর সেখানে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সদস্যদের লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভকারী কাঁচের বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরে সংঘর্ষে জড়িত কয়েকজনকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



