বিএনপি সরকার আপনি পথ হারিয়েছেন : হাসনাত

প্রবাহ রিপোর্ট : গেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। নতুন এ বাংলাদেশ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এদেশের তরুণ ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’’ মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘এনসিপি নতুন রাজনৈতিক দল, দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে বর্তমানে এনসিপির ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপাদের সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ১৬০ জন সংসদ সদস্য নিয়ে এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করবে।’’
তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, ‘‘আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও তা বাস্তবায়ন করছেন না। অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে। এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।’’
পথসভায় তিনি চিতলমারীতে এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে জণগনের মাঝে পরিচয় করিয়ে দিয়ে আগামী উপজেলা নির্বাচনে ভোট চান। একই সঙ্গে পথসভা মঞ্চে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানকৃত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহামুদা মিতু।
অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন জাতিয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহীদ হাসান, কেন্দ্রীয় নারী শক্তি নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপি সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ।
পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



