মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, ঘটনাটি ছিনতাই নয়, বরং পূর্বশত্রুতার জেরে সংঘটিত হয়ে থাকতে পারে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত এসআই ওসমান গনিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এসআই ওসমান গনির ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে। তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্ব শত্রুতার কারণেই হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



