ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। এ সময় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। অভিযানে আল আমিন ফার্মেসির দায়িত্বে থাকা মাহিনকে (৪০) ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। অভিযান সূত্রে জানা যায়, আল আমিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার বাজার ও আশপাশের এলাকার দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত সরে যান। ফলে অভিযান চলাকালে অনেক ওষুধের দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


