জাতীয় সংবাদ

লক্ষ্মীপুরের তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর বিদ্যালয়ে আসছেন না প্রধান শিক্ষক : তুলছেন বেতন

প্রবাহ রিপোর্টঃ লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক জিল্লুর রহমান তিন দিনের ছুটি নিয়ে প্রায় চার বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। তবে জিল্লুর রহমান এ নিয়ম না মেনেই বিদেশে গেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন ইউএনও ও সাবেক সভাপতি অঞ্জন দাশ জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে চিঠি দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান ২০২২ সালের ২২ আগস্ট থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে মাত্র তিন দিনের ছুটি নেন। পর দিন (২৩ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে ফেরেননি। এভাবে তিন দিনের ছুটি নিয়ে টানা চার বছর তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।তবে এর আগেও বিদেশে যাওয়ার নজির রয়েছে জিল্লুর রহমানের। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। প্রায় পাঁচ মাস পর দেশে ফেরেন। ওই সময় তিনি বিদ্যালয় থেকে দুই মাসের ছুটি নিয়েছিলেন। কিন্তু বিদেশে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেননি। দেশে ফেরার পর তিনি সরকারি বেতন-ভাতাও উত্তোলন করেছেন।
উল্লেখ্য, রায়পুর শহরে থানার পেছনে সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালের ১৯ মার্চ জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।
এক শিক্ষার্থীর অভিভাবক আলাউদ্দিন জানান, পাঁচ বছর আগেও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল ভালো ছিল। তখন সন্তানকে এ বিদ্যালয়ে ভর্তি করানো নিয়ে অভিভাবকদের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতা ছিল। কিন্তু কয়েক বছর ধরে আশানুরূপ ফলাফল হচ্ছে না। ফলে বিদ্যালয়টির শিক্ষার মান ও সার্বিক পরিবেশ নিয়ে অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দেয়।
বিদ্যালয়ের দুই জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিদ্যালয় পরিচালনায় নানা সংকট তৈরি হয়েছে। তার নেতৃত্বে না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক নিজেই নিয়মনীতি না মানায় অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যেও দায়িত্ব পালনে অনীহা তৈরি হচ্ছে। দীর্ঘমেয়াদি এ অনুপস্থিতি প্রতিষ্ঠানে জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।
সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, ‘আমরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তিনি কবে প্রতিষ্ঠানে যোগ দেবেন, তা নিশ্চিত না। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনও তার ওই পদটি শূন্য ঘোষণা করা হয়নি।’এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনও অনুমতি নেননি। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button