আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী

# স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী #
প্রবাহ রিপোর্ট ঃ নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল সালমান শাহর। অল্প সময়েই অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই রহস্যময় মৃত্যুর মধ্য দিয়ে থেমে যায় তার পথচলা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন এই নায়ক। আগামী ৬ সেপ্টেম্বর তার ৩০তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনটি সামনে রেখে প্রয়াত এই নায়ককে স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজন করেছে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর। এতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে দর্শকদের জন্য সিনেমাগুলো প্রদর্শিত হবে। ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধেছিলেন শাবনূর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াতসহ অনেকে। দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সালমান-মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন রাজীব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনাসহ অনেকে। শেষ দিনে ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। মতিন রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। সালমান শাহর বিপরীতে এতে অভিনয় করেন শাবনূর। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন খলিলউল্লাহ খান, শর্মিলী আহমেদ, আরিফুল হক, অমল বোস, ইজ্জত আলী, ডন ও সুজা খন্দকারসহ অনেকে।



