দিল্লিতে ধসে পড়ল ছয়তলা ভবন : অনেকের আটকা পড়ার আশঙ্কা

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রোববারের (৬ সেপ্টেম্বর) এই ভয়াবহ দুর্ঘটনায় ইট-কংক্রিটের বিশাল স্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া ভবনটি ৭৫ শয্যাবিশিষ্ট একটি পেয়িং গেস্ট বা পিজি হোস্টেল ছিল, যা মূলত পুরুষ শিক্ষার্থীদের থাকার জন্য ব্যবহৃত হতো। এটি ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত ছিল। রোববার দুপুর দেড়টা নাগাদ হঠাৎ করেই পুরো ভবনটি ধসে পড়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘটনার সময় অনেকেই হোস্টেলের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শীর মতে, দুর্ঘটনার সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভেতরে ছিলেন। ঘটনার পরপরই চারদিক থেকে সাহায্য চেয়ে কান্না ও আর্তনাদের আওয়াজ ভেসে আসতে থাকে। ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি ভারী যন্ত্রপাতি পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজের হাতেই ইট-পাথর সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা মানুষকে বাঁচাতে স্থানীয়রা লড়াই করছেন। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে। উদ্ধারকাজ সুচারুভাবে চালাতে এবং সেখানে জমানো ভিড় সামলাতে দাঙা দমন পুলিশ বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। যেকোনো ঝুঁকি এড়াতে পাশের ভবনটি আগেই খালি করে নেওয়া হয়। সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের ঠিক পাশেই অবস্থিত হওয়ায় এখানে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী বসবাস করেন। ভবনটির মালিক থাকেন গুরুগ্রামে। স্থানীয় বিধায়ক জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে কল দিয়ে সাহায্যের আকুতি জানাচ্ছেন। দিল্লি প্রশাসন থেকে জানানো হয়েছে, নিখোঁজদের দ্রুত ও নিরাপদে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় সব ধরনের জরুরি পদক্ষেপ ও নজরদারি চালানো হচ্ছে। সূত্র: এনডিটিভি।



