সিরাজগঞ্জে রেলস্টেশনে যুবকদের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যা জানা গেল

প্রবাহ রিপোর্ট ঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অস্ত্রসদৃশ বস্তু হাতে নিয়ে যুবকদের তৈরি করা পাঁচ মাস আগের একটি টিকটক ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট যুবকদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কামারখন্দ থানা পুলিশ।পুলিশের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, ভিডিওতে প্রদর্শিত বস্তুগুলো প্রকৃত অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নয়। এগুলো কাঠের তৈরি খেলনা অস্ত্র। ওই যুবকেরা মূলত অ্যাকশনধর্মী ভিডিও তৈরির জন্য এসব খেলনা অস্ত্র ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছিলেন।
তবে অস্ত্রসদৃশ বস্তু প্রদর্শন করে এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। পরে বিষয়টি জানতে পেরে কামারখন্দ থানা পুলিশ সংশ্লিষ্টদের থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সতর্ক করে।
অনুসন্ধানে জানা যায়, ওই যুবকেরা দীর্ঘদিন ধরে তামিল সিনেমার আদলে নানা ধরনের অ্যাকশনধর্মী ও বিনোদনমূলক ভিডিও তৈরি করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের এসব ভিডিও ইতোমধ্যে সিরাজগঞ্জের গ-ি পেরিয়ে সারাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে।
ভিডিও কনটেন্ট তৈরিতে নেতৃত্ব দেওয়া এস কে শাহিন বলেন, জামতৈল স্টেশনে আমাদের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটি মূলত পাঁচ মাস আগের। আমাদের থানা পুলিশ ডেকে নিয়েছিল। আমরা তাদের সব খুলে বলেছি। ভবিষ্যতে আমরা জনসম্মুখে এমন কিছু আর করব না।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, আমাদের কাছে অস্ত্র হাতে মহড়ার একটি একটি ভিডিও আসে। তবে এসব খেলনা অস্ত্র, কাঠ দিয়ে তৈরি। আর ভিডিওটি প্রায় ৫ মাস আগের। ছেলেগুলোও অনেক দিন ধরে ভিডিও বানায়। তাদের থানায় ডেকে এনেছিলাম। তারা মুচলেকা দিয়েছে, আর জনসম্মুখে এভাবে খেলনা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভিডিও করবে না।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বা ভিউ পাওয়ার জন্য অস্ত্রসদৃশ বস্তু প্রদর্শন করে কনটেন্ট তৈরি বা প্রচার না করতে সবাইকে সতর্ক করা হচ্ছে। ভিডিওটি ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করা হচ্ছে। তদন্তে আইন লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।



