জাতীয় সংবাদ

হরমুজে হস্তক্ষেপ করলে ‘চড় খাবে যুক্তরাষ্ট্র’: ইরানি সেনাবাহিনী

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে দেশটিকে ‘চড় খেতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে এমন কঠোর সতর্কবার্তা দিল তেহরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেকারচি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের স্বপ্ন দেখছে। কিন্তু সেখানে হস্তক্ষেপের চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্রকে ‘চড়’ খেতে হবে। তিনি বলেন, নতুন বিশ্বব্যবস্থায় ইরানের ইসলামী প্রজাতন্ত্র একটি বিশ্বশক্তি হিসেবে নিজেদের আগের অবস্থানে যুক্তরাষ্ট্রকে ফিরে আসতে দেবে না। শেকারচি বলেন, ‘আমেরিকানরা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের স্বপ্ন দেখছে। তারা যদি হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করে, তাহলে তাদের চড় খেতে হবে।’ হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, প্রণালীটির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে। গত ২০ সেপ্টেম্বর ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেকারচি দাবি করেন, হরমুজ প্রণালীতে উদ্যোগ নেওয়ার ক্ষমতা ইরানের হাতেই রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার দাবি করেছে। তবে কে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর কার্যকর নিয়ন্ত্রণ রাখছে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাবি রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। ফলে এই নৌপথকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তথ্যসূত্র: তাসনিম, আল জাজিরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button