মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৩৫

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার ও বিএনপি নেতা আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে মঙ্গলবার ভোরে প্রথমে আব্দুল বারেকের লোকজন রবিউল্লাহ রবি সরকারের লোকজনের ওপর হামলা চালান। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ইট-পাটকেল ও টেঁটা নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভোরে নলচর গ্রামের রবিউল্লাহ রবি ও বারেক প্রধানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



