খেলাধুলা

৮ বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ দীর্ঘ বিরতির পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার একটি ফুটবল দল। এ মাসের শেষদিকে এশিয়ান উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে সীমান্ত পাড়ি দেবে উত্তর কোরিয়ার ক্লাব নেগোহিয়াং। আগামী ২০ মে দক্ষিণ কোরিয়ার সুয়োনে সেমিফাইনালে স্বাগতিক সুয়োনের মুখোমুখি হবে নেগোহিয়াং। এই সফরের জন্য ২৭ জন খেলোয়াড় ও ১২ জন স্টাফের তালিকা পাঠিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় সফরটি নিশ্চিত করেছে। ২০১৮ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ক্রীড়াবিদ সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন। এর আগে ২০১৮ সালে পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেটরা। সেবার দুই কোরিয়া প্রথমবারের মতো যৌথ আইস হকি দলও গঠন করেছিল। দুই কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও খারাপ হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে তাদের ‘সবচেয়ে বৈরী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছে এবং পুনরেকত্রীকরণের প্রচেষ্টা আর চালাবে না বলেও জানিয়েছে। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তিচুক্তি হয়নি। ফলে প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধাবস্থাতেই রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। এমন প্রেক্ষাপটে নেগোহিয়াংয়ের এই সফরকে বিরল ক্রীড়া যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে টানাপোড়েন কমিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, তার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো এশিয়ান উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে খেলছে নেগোহিয়াং। কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের হো চি মিন সিটিকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালের বিজয়ী দল আগামী ২৩ মে একই ভেন্যু সুয়োনে ফাইনালে খেলবে মেলবোর্ন সিটি অথবা টোকিও ভার্দির বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button