বিশ্বকাপ ‘বিক্রি’ করে দিতে পারলে প্রতি দিন ১ কোটি টাকা পেতেন ইনফান্তিনো

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফইÑ এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকারের একটা অংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল ফিফা। যদিও ফুটবল সংস্থাগুলোর প্রবল বিরোধিতার মুখে এই পরিকল্পনা এখন বাতিল হয়ে গেছে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানাচ্ছে, এই পরিকল্পনা সফল হলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বছরে প্রায় ৩০ মিলিয়ন ডলার মূল বেতন পেতেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৭০ কোটি টাকার সমান। অর্থাৎ সেই চুক্তিটি হয়ে গেলে প্রতি দিন ১ কোটি টাকারও বেশি আয় হতো ইনফান্তিনোর। এই আয় আবার সব ধরনের বোনাসের বাইরে। পারফর্ম্যান্স বোনাসসহ আরও অনেক বোনাস যোগ হলে অঙ্কটা আরও বাড়ত। দ্য টাইমসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, এফএফই প্রকল্পে ইনফান্তিনোকে নতুন বাণিজ্যিক সংস্থার প্রধান নির্বাহী বানানোর পরিকল্পনা ছিল। তবে ফিফা বলছে, এমন কোনো বেতন কাঠামো কখনো সরকারিভাবে প্রস্তাব করা হয়নি। উয়েফার ৫৫টা সদস্য দেশ সর্বসম্মতিক্রমে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল, বয়কটের হুমকিও দিয়েছিল। কনকাকাফ আর এশিয়ান ফুটবল কনফেডারেশনও বিরোধিতায় যোগ দেয়। এই বিতর্কের মধ্যে ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। শেষ পর্যন্ত ভোটাভুটি হওয়ার আগেই ফিফা প্রস্তাবটা প্রত্যাহার করে নেয়। উয়েফা এক কড়া বিবৃতিতে বলে, ‘বর্তমান ফিফা নেতৃত্ব শুধু উয়েফার আস্থাই হারায়নি, ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।’ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আর কনকাকাফও ফিফার নেতৃত্ব নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার দাবি জানিয়েছে। ইনফান্তিনো বলেন, ‘সবার মতামত শোনার পর স্পষ্ট হয়ে গেছে, এই প্রকল্প এমন বিভাজন তৈরি করেছে, যা প্রথমে ঠিক করা লক্ষ্যের স্বার্থে আর নেই।’ তাই প্রস্তাবটা আর এগোবে না বলে জানান তিনি। প্রস্তাব বাতিল হলেও এর উৎস আর পরিচালনা পদ্ধতি নিয়ে বিতর্ক এখনো থামেনি।



