নেইমারকে বিশ্বকাপে চান কাসেমিরো

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নেইমারকে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ দলে দেখতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। এমনকি বেঞ্চে বসে থাকার জন্য হলেও নেইমারকে দলে প্রয়োজন বলে মনে করেন তারকা এই ফুটবলার। একের পর এক চোটের থাবায় ২০২৩ সালের পর জাতীয় দলে খেলতে পারেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি তাকে যদিও বাদ দেননি। তবে বার বার তিনি নেইমারের ফিটনেসের উপর জোর দিয়েছেন। কাসেমিরোর মতে, নেইমার কখনোই দলের তারকা হওয়ার দাবি করেননি, বরং মাঠে আনন্দ নিয়ে তিনি খেলতে চান। ইএসপিএন-এর সঙ্গে আলাপকালে এমনটি বলেন কাসেমিরো। “নেইমার সবসময় বলেছে ‘আমাকে বল দাও, চল মজা করি আর ফুটবল খেলি।’ আমি মনে করি, যদি আনচেলত্তি তাকে বেঞ্চে রাখার প্রস্তাব দেন, নেইমার তবুও দলে যেতে চাইবে।” কাসেমিরোর বিশ্বাস, নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে সামলানোর জন্য আনচেলত্তির চেয়ে ভালো কোচ নেই। তিনি বলেন, নেইমারকে হয়তো সব ম্যাচে খেলানো হবে না, তবে নির্দিষ্ট সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নেইমারের কিছু প্রমাণ করার নেই ঃ কাসেমিরো বলেন, নেইমারকে নিয়ে আলোচনা বিরক্তিকর হয়ে উঠেছে। “নেইমারকে কিছু প্রমাণ করতে হবে না। সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। প্রতিভা বা সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই।” ফিটনেসই বড় প্রশ্ন ঃ সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার, তবে এখনও পুরো ফিটনেসে পৌঁছাননি। কাসেমিরো বলেন, যদি নেইমার শারীরিকভাবে প্রস্তুত থাকেন, তবে তাকে অবশ্যই বিশ্বকাপে যেতে হবে। “যদি তিনি ফিট থাকেন, কোনো আলোচনার দরকার নেই। তিনি দলের তারকা।”



