খেলাধুলা

গণছাঁটাইয়ের পর এবার পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ করল পিসিবি

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ পাকিস্তান ক্রিকেটে নাটকের যেন কোনো শেষ নেই। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে তৃতীয় টেস্টের আগে কোচ ও বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাঁটাইয়ের পর এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে দলের সদস্যদের মোবাইল ফোন জব্দ করেছে বোর্ড। পাকিস্তানি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের মোবাইল ফোন পিসিবির হেফাজতেই থাকবে। তবে ঠিক কোন কোন ক্রিকেটারের ফোন কেড়ে নেওয়া হয়েছে বা বোর্ড কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে পিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমসহ প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। আইসিসির ৪ নম্বর অনুচ্ছেদের (৪.১.১, ৪.১.২ এবং ৪.১.৩) বিধিনিষেধ অনুযায়ী ইন্টারনেট ব্যবহার বা অন্য যেকোনো কারণে খেলোয়াড়দের মোবাইল, ল্যাপটপ কিংবা ল্যান্ডলাইন ফোন বহন ও ব্যবহার করা সম্পূর্ণ বারণ। সাধারণত পেশাদার ক্রিকেটে এই নিয়মগুলোই কঠোরভাবে মেনে চলা হয়। কিন্তু পিসিবির এবারের পদক্ষেপ আইসিসির সাধারণ প্রটোকলের চেয়েও চরম। কোনো ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের কাছ থেকে পুরোপুরি ফোন কেড়ে নেওয়ার এমন ঘটনা ক্রিকেট বিশ্বে একেবারেই নজিরবিহীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button