খেলাধুলা

চোটে সিরিজ শেষ লিটনের : জ্বরে অনিশ্চিত মিরাজ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোট এবং মেহেদী হাসান মিরাজের জ্বরের কারণে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে চোটে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন। তার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। লিটনের বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। এক ভিডিও বার্তায় বায়েজিদুল ইসলাম বলেন, ‘লিটন দাস গতকাল ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিল। এরপর আমরা তার এমআরআই করাই। রিপোর্টে ডান হিপ জয়েন্টে কিছু সমস্যা ধরা পড়েছে। এরপরও আজ সে ফিটনেস টেস্ট দিয়ে খেলার চেষ্টা করেছে। কিন্তু আমরা যে ফিটনেসের মানদ- নির্ধারণ করেছিলাম, সে সেটি পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে লিটনকে পাওয়া যাচ্ছে না।’ অন্যদিকে, জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে নেই মিরাজও। ম্যাচের আগে দুই ক্রিকেটারের অনুপস্থিতি বাংলাদেশের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। লিটনের চোটের কারণে শুধু ব্যাটিংয়েই নয়, নেতৃত্বেও পরিবর্তন আনতে হয়েছে দলকে। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পাওয়া হৃদয়ের সামনে এখন দলকে সামলানোর চ্যালেঞ্জ। লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। নিয়মিত অধিনায়ককে হারিয়ে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও পরিবর্তন আনতে হয়েছে দলকে। এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি মেহেদী হাসান মিরাজকে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই দলের গুরুত্বপূর্ণ সদস্য এই অলরাউন্ডার। তাকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না, তা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উন্নতির ওপর। লিটনকে পুরো সিরিজে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও মিরাজের পরবর্তী ম্যাচে খেলার বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে মিরাজকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশকে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button