ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি

প্রবাহ রিপোর্ট : ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৭৬ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, এই মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০৫ জন এবং মারা গেছেন ৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৪৩ জন, বাকি ৯৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন এবং মার্চে ৩৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন ও ফেব্রুয়ারিতে ৩ জন মারা গেছেন।



