বাগেরহাটে এনসিপির কমিটি না করেই চলে গেলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটি গঠন না করেই চলে গেলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ। পুর্ব-ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার এনসিপির বাগেরহাট জেলা কমিটি গঠনের নির্ধারিত দিন ছিল। আর এ কমিটি গঠন কে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হলে সমাবেশ শেষ না করেই স্থান ত্যাগ করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাগেরহাট সদর উপজেলার খান জাহানিয়া গণ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, মোল্লা রহমাতুল্লাহ নিজ পছন্দের কয়েকজনকে দিয়ে কমিটি গঠনের চেষ্টা করছেন। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করতে চান তিনি। বাগেরহাট জেলা এনসিপির প্রতিনিধি মুহাম্মদ হামিম হুসাইন বলেন, “জেলা সার্চ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আসার কথা ছিল। কিন্তু মোল্লা রহমাতুল্লাহ একাই এসে নিজের পছন্দের লোকদের দিয়ে কমিটি করার চেষ্টা করেন। এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ হন এবং প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কাউকে কিছু না বলেই সভাস্থল ত্যাগ করেন। তিনি আরও বলেন, যাদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে, তাদের অনেকে দলীয় কর্মকা-ের সাথে নেই। বিষয়টি আমরা কেন্দ্রকে জানাবো। এনসিপির বাগেরহাটের অপর নেতা জাহিদুর রহমান পলাশ বলেন, “বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের ষড়যন্ত্র চলছে। আমরা এ নিয়ে সভায় কথা বলতে চাইলেও মোল্লা রহমাতুল্লাহ আলোচনায় রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এক পর্যায়ে তিনি কাউকে কিছু না বলে সমাবেশ ছেড়ে চলে গিয়েছেন। ফলে জেলা কমিটি আপাততঃ গঠন হয়নি।



