খুলনায় দু’ দিনব্যাপী কবি নজরুলের জন্মোৎসব শুরু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর শতাব্দী প্রাচীন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মিলনায়নে নজরুল জন্মোৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা নজরুল একাডেমী ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক জান্নাতী আফরোজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিত্রাংকন, নজরুলের কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিকে আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



