স্থানীয় সংবাদ
যশোর ইবনে সিনা হাসপাতালে ভিড়ে স্বর্ণ চেইন চুরি : দুই নারী আটক

যশোর ব্যুরো ঃ শনিবার দুপুরে যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের নিচতলায় ভিড়ের মধ্যে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বেনাপোলের রেমনী খাতুন জানান, চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সংঘবদ্ধ চোরচক্র তার গলা থেকে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ১ ভরি ৪ আনার স্বর্ণের চেইন চুরি করে। জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে দুই নারী চোর রুমা আক্তার (২০) ও সুমাইয়া আক্তার ইমা (১৯)—কে হাতেনাতে আটক করা হয়। তারা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



