স্থানীয় সংবাদ

চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার শিরোনামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ইসলাম ছিলেন সাম্য, সম্প্রীতি, প্রেম, দ্রোহ ও গণমানুষের কবি। তিনি শোষণের বিরুদ্ধে চালিয়েছেন সংগ্রাম, শিকার হয়েছেন নির্যাতন ও জুলুমের। তারপরও তিনি অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছেন। তিনি ক্ষুধা-বেদনার অন্তরালে থেকেও থেমে যাননি। নজরুল ছিলেন কুসংস্কারের বিরুদ্ধে হাতিয়ার, বৈষ্যম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তারই প্রেক্ষিতে চব্বিশের ছাত্র আন্দোলনে আমরা দেখতে পাই নজরুলের সাহিত্য স্লোগান আকারে বা দেওয়াল লিখনে। ২৪’এর গণআন্দোলনের প্রতিটি ক্ষেত্রেই ছিল নজরুল ইসলামের সাহিত্যের ভূমিকা। এসময় ছাত্রদের কন্ঠে ধ্বনিত হয়েছিল কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট এই ধরণের শক্তিশালী স্লোগানগুলো। নজরুলের লেখনি আমাদের ছাত্রসমাজকে দেখিয়েছেন আলোর দিশারী। তাই আমাদের উচিত নজরুলের আদর্শকে অন্তরে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেব প্রসাদ পাল ও সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন খুুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার দুপুরে খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের অধিকাংশ সময় দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। শত দারিদ্র্যতার মধ্য দিয়ে গেলেও তিনি বাংলার নিপীড়িত মানুষের অধিকারের বিষয় থেকে পিছু হননি। একাধারে তিনি সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি। সর্বদা তিনি তার সাহিত্যের মাঝে নিপিড়ীত মানুষের কথা তুলে ধরেছেন। ভারতবর্ষের স¦াধীনতা কামনা করার জন্য বিভিন্ন সময়ে তাকে কারাবন্দী হতে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। জাতীয় কবির এই আদর্শকে আমাদের মননে ধারণ করার জন্য আজকের শিশুদেরকে নজরুল সাহিত্যে মনোযোগী করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা নজরুল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button