স্থানীয় সংবাদ

খুলনায় ছুরিকাঘাতে ও গুলি করে দু’ যুবক নিহত

# আইনশৃঙ্খলার চরম অবনতি #
# একজন মাদক ব্যবসায়ী অপরজন পুলিশ সোর্স #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২২তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৩-৪ জন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। হামলাকারীদের আটকে অভিযান চলছে। নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। তবে তিনি তাদের নাম পরিচয় বলেননি। এদিকে খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মো: রনি ওরফে কালো রনি (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হাওলাদারের ছেলে। নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তোজনা বিরাজ করছে বলে জানা গেছে। এলাকাবাসি সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। সে এলাকার কুখ্যাত মাদক বিক্রেতা ছিলো। অভ্যন্তরীণ কোন্দলে সে খুন হয়। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং তা মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোটভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button