খালিশপুর নিউমার্কেটে নির্বাচন ও হিসাব নিকাশের দাবিতে সভা

# ১ জুন সভার আহবান করেছে বর্তমান কমিটি #
স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর নিউমার্কেট সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে গত ২৪ মে সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় বক্তৃতা করেন আব্দুস সোবহান মাস্টার, মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ নুরুল হক, হুমায়ুন পাটোয়ারী, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ সেন্টু মেম্বার, মোঃ আবু সাঈদ এবং অন্যান্য ব্যবসায়ী বৃন্দ। ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন, খালিশপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির মেয়াদ ৭মাস উত্তীর্ণ হওয়ার পরেও বর্তমান নেতৃবৃন্দ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং বিগত সময়ের কোন হিসাব প্রদান করছে না। এ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীগ ইতিপূর্বে আন্দোলন মুখী হয়ে উঠে। সে সময়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে শ্রম অধিদপ্তর থেকে ৪৫ দিনের সময় দিয়ে কমিটির কাছে নোটিশ প্রদান করে। অথচ সে নোটিশের মেয়াদ শেষ হলেও কমিটির পক্ষ থেকে ন্যূনতম কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি উল্টো যারা এ বিষয়ে আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ী সমিতির তিন বছরের আয় ও ব্যয় হিসাব, বাজারের সিসি ক্যামেরা বাবদ উত্তোলনকৃত টাকার দাতা সদস্যদের তালিকা প্রণয়ন এবং বিভিন্ন সময়ে উত্তোলনকৃত টাকার স্বচ্ছ হিসাব নিকাশ প্রদানের ক্ষেত্রে তারা বিভিন্ন অজুহাত ও টাল বাহানা আশ্রয় নিয়েছে। বিভিন্ন প্রকার ইস্যু তৈরিতে ব্যস্ত রয়েছে তারা। যা ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় ব্যবসায়িক নেতৃবৃন্দের ছাত্রছায়ায় বহিরাগত মানুষ দিয়ে শোডাউন দেয়ানো হচ্ছে তাতে ব্যবসায়ীগন নিজেদের নিরাপত্তা নিয়ে শংকিত। এ বিষয়ে সাধারণ ব্যবসায়ীগণ সরকারি প্রশাসন ও শ্রম ও অধিদপ্তরের অধিদপ্তরের কর ভূমিকা আইনানুগ হস্তক্ষেপ কামনা করেছেন। সাধারণ ব্যবসায়ীগণ বলেন, ব্যবসায়ী সমিতির কর্তা ব্যক্তিগণ বিগত সময়ে আ’লীগের নেতা হওয়ায় সকলকে ভয়-ভীতি দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। এখনো বাজারে একই অবস্থা চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বক্তারা বলেন। তবে বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বাজারের সভা ডাকার এখতিয়ার আছে বর্তমান কমিটি ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের। কিন্তু আবু সাঈদ নামের এক ব্যক্তি মিটিং ডেকেছে। কিন্তু ব্যবসায়ীরা তাতে সাড়া দেয়নি। সমিতি আগামী ১ জুন সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে সভা আহবান করেছে। ওই সভায় সমিতির সকল হিসাব নিকাশ তুলে ধরা হবে বলে তিনি জানান।



