জাতীয় সংবাদ

আ. লীগ ধর্মের বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে : টুকু

প্রবাহ রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পতিত আওয়ামী লীগই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। আওয়ামী লীগের সবার চরিত্রই একই রকম। একসঙ্গে অন্যের সহায় সম্বল গ্রাস করেছে, গুম, খুন, হত্যা নির্যাতন নিপীড়নসহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে। সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরের ৯৫ ভাগ আওয়ামী লীগের দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে মওলানা ভাসানী কলেজের সামনে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগের দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা একসঙ্গে বসবাস করতো এবং একসঙ্গে সব ধর্মীয় উৎসবে মেতে উঠতো, হিন্দু মুসলিম, খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ-বিভাজন ছিল না, রাজনীতির কারণেই সমাজে বিভাজনের সৃষ্টি হয়, সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২৪ এর জুলাই আগস্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পরপরই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি, আপনারা নির্ভয়ে বসবাস করুন,ব্যবসা বাণিজ্য করুন,আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমার আত্মায় লাগে। সিরাজগঞ্জকে রেইনবো শহরে পরিণত করার স্বপ্ন দেখেন বলে উল্লেখ করে তিনি বলেন, আমি সবাই সঙ্গে নিয়ে সাত রংঙের মানুষের সহঅবস্থানের শহরে পরিণত করতে চাই সিরাজগঞ্জকে। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় পূজা উদযাপন পরিষদসহ সনাতনী সম্প্রদায়ের সব সংগঠনের নেতাদের ও রাজনৈতিক উপস্থিত ছিলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সত্য নারায়ণ সারদা। পরে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button