রূপসায় বাড়িতে ফিরেই অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার রাজু

স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরেছিলেন রাজু মোড়ল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ফেরার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। পুলিশ বলছে, তিনি মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া খুলনার সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজু বাড়িতে ফেরেন। তাঁর অবস্থান সম্পর্কে গোপন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। শুক্রবার ভোর ৫টার দিকে তাঁকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, রাজু মোড়লকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হবে। এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



