জাতীয় সংবাদ

সাগরে ফের লঘুচাপের আভাস

প্রবাহ রিপোর্ট : শরতের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গতকাল রোববার দুপুরে বলেন, “সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি আজ গুরুত্ব হারিয়েছে। এখন যে লঘুচাপ সৃষ্টির কথা বলা হচ্ছে, সেটারও এমনই প্রভাব পড়তে পারে। “খুব বেশি বৃষ্টিপাত হওয়া বা তেমন প্রভাব পড়বে না। গেল কয়েকদিনের মতোই থেমে-থেমে বৃষ্টিপাত হতে পারে। “তবে ২০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। সেটা ২৫ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টি থাকতে পারে।” আবহাওয়া অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে গতকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং আশপাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে পাহাড়ি জেলা বান্দরবানে। এ সময় দেশের সর্বনি¤œ তাপমাত্রাও ছিল সেখানে; ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চট্টগ্রামের সন্দীপে ১৭ এবং খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর। গত একদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে; ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button