জাতীয় সংবাদ

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রবাহ রিপোর্ট : অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ফ্লামিংগো এন্টারপ্রাইজ নামে অস্তিত্ত্বহীন একটি প্রতিষ্ঠানের বিষয়ে যাচাই-বাছাই বা পরিদর্শন করা হয়নি। সহায়ক কোনও জামানত না নিয়ে ঋণ বিতরণ করা হয়। আসামিরা বিতরণ করা ঋণের মাধ্যমে কেনা আমদানি পণ্য সরেজমিনে পরিদর্শন ও স্টক প্রতিবেদন প্রস্তুত করেননি। বিতরণ দেখানো ঋণের কোনও পরিশোধ না হলেও ঋণের অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসেবে নগদ জমা ও স্থানান্তর করা হয়। আসামি মো. নজরুল ইসলাম মজুমদারের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পে-অর্ডার করার বিষয়টি এক্সিম ব্যাংক কর্মকর্তারা জানা সত্ত্বেও জাল-জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। আসামি পারস্পারিক যোগসাজসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়। এজাহারে নাসা বেসিকস লিমিটেডের সাবেক এমডি ও নজরুল ইসলাম মজুমদারের ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম, মেয়ে আনিকা ইসলাম ছাড়াও ব্যাংকটির একাধিক শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া ফ্লামিংগো এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোশাররফ হোসেন, মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, এনএমসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি এমডি আবুল কালাম ভূঁইয়াসহ এক্সিম ব্যাংকের শীর্ষ ২৪ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button