বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ঢাকায় সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় ডিসিসিআই কার্যালয়ে। সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সংস্কৃতি ও জীবনাচরণের দিক দিয়ে দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। পাকিস্তানের টেক্সটাইল ও জুয়েলারি পণ্যের বাংলাদেশে ভালো বাজার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাসকীন আহমেদ আরও বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকারকে দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের পরামর্শ দিয়ে আসছে বেসরকারি খাত। পাকিস্তানের সঙ্গে এফটিএ হলে দ্বিপাক্ষিক ব্যবসা নতুন গতি পাবে। এছাড়া সরাসরি আকাশ ও কার্গো যোগাযোগ চালু হলে দুই দেশের ব্যবসায়ী মহলের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতনির্ভর। রফতানির বহুমুখীকরণে দুই দেশকেই গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পুনর্ব্যবহারযোগ্য পোশাক জনপ্রিয়তা পাচ্ছে- এই বাজারে বাংলাদেশ ও পাকিস্তানের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করতে পারেন। পাশাপাশি পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে প্রবেশের জন্যও দুই দেশের সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। জাম কামাল খান বলেন, সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়া খাতে পাকিস্তান ভালো করছে- এগুলো বাংলাদেশ আমদানি করতে পারে। অপরদিকে, ওষুধ শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা পাকিস্তানের জন্য উপকারী হবে। কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তি ও মূল্য সংযোজন বাড়ানো গেলে বিশ্ববাজারে বিলিয়ন ডলারের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, বাংলাদেশের বাজারে পাকিস্তানি পণ্যের সম্প্রসারণে শিগগিরই ঢাকায় ‘সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন’ আয়োজন করা হবে। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য এবং পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ৪ দিনের সফরে ঢাকায় অবস্থান করছেণ। গত বুধবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান। এসময় বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে। জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। এই উচ্চ পর্যায়ের সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।



