খেলাধুলা

পর্যাপ্ত সুযোগ পেলে অনেক কিছু দিব : বিজয়

স্পোর্টস ডেস্ক : এনামুল হক বিজয় মনে করেন, জাতীয় দলে ফেরার পর যথেষ্ট সুযোগ তিনি পাননি। পর্যাপ্ত সুযোগ পেলে দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে বলেই বিশ^াস তার। ঘরোয়া ক্রিকেট ভালো করলেও জাতীয় দলে কেন ভালো করছেন না- এমন প্রশ্নের জবাবে পর্যাপ্ত সুযোগ না পাওয়াকেই দায়ী করেছেন তিনি। এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে ম্যাচজয়ী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন এই উইকেটরক্ষক ব্যাটার। শুরুতেই তাকে শুনতে হয় জাতীয় দলে ভালো করতে না পারা প্রসঙ্গে। জবাবে বিজয় বলেন, ‘এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে পাই, ফ্যামিলি মেম্বাররাও এই প্রশ্নটা করে। বন্ধুবান্ধবও বলে। এটা অনেক কথোপকথনের মধ্য দিয়ে যেতে হয়। দেখুন, আমি টেস্ট খেললাম কত বছর পর। ২টা টেস্ট খেললাম। আবার ওয়ানডে খেলেছি ৩-৪ বছর পরে। ম্যাচ খেললাম কয়টা? ৩-৪টা। আপনার কাছে কী মনে হয়। একটা ছেলে এতদিন পর আসে, ২-৩-৪ ম্যাচ কি তার জন্য যথেষ্ট? এটা কষ্টদায়ক।’ তিনি আরও বলেন, ‘আমার ইমোশনের জায়গা দেখেন। ২০১৬-র পর থেকে আমি কিন্তু বাংলাদেশ দলের সাথে এক ম্যাচও ছিলাম না। ট্রেনিং পিরিয়ড পাব, বড় বড় কোচের অধীনে প্র্যাকটিসের সুযোগ পাচ্ছি, ৬ মাস দলের সাথে আছি; ম্যাচ না খেলি তাদের ইনফরমেশন নিচ্ছি। ড্রেসিংরুম শেয়ার করছি। এমন কিন্তু হয় না। আমি আসলাম, একটা টুর্নামেন্ট খেললাম, ৩ ম্যাচ বা ২ ম্যাচের সিরিজ বা এশিয়া কাপে এক ম্যাচ খেললাম। এরকম খেললে, আসলে-গেলে, ড্রেসিংরুমে না থাকলে অনেক সময় পারফর্ম করা সহজ হয় না। অনেকের ক্ষেত্রেই ব্যাপারটা এরকম। অনেকে হয়ত হঠাৎ এসে পারফর্ম করে। ২০১৬ পর্যন্ত আমার খেলায় তো ত্রুটি পাননি। দলের সাথে ছিলাম, নিয়মিত প্র্যাকটিস করেছি বড় কোচের অধীনে।’ পারফরম্যান্স বা রেকর্ড পক্ষে কথা না বললেই বিজয় আশাবাদী পর্যাপ্ত সুযোগ পেলে আরও অনেক কিছু দেওয়ার আছে তার, ‘আমি মনে করি আমার দেওয়ার অনেক কিছু আছে। আমি দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্যবান। একটু সময় লাগছে হয়তবা। তবে আমি সুযোগ পাব না। পর্যাপ্ত সুযোগ পেলে আমি হতাশ করব না। আমি যেটা বিশ^াস করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারব। এখনও ঐ বিশ^াসটা আছে। জানি না মানুষের কতটুকু বিশ^াস আছে। তবে আমার শতভাগ বিশ^াস আছে ভালো কিছু দিতে পারব।’ তবে যে ফরম্যাটে ভালো করেন সেই ফরম্যাট না খেলে অন্য ফরম্যাট কেন খেলতে রাজি হন, সে বিষয়ে ৩২ বছর বয়সী তারকার ভাষ্য, ‘ডাকলেই খেলব না এই সুযোগ কি থাকে বাংলাদেশে? আসলেই এই সুযোগ থাকে না। আমরা পাগল হয়ে থাকি কোন ফরম্যাটে খেলব। যদি এক ওভারের খেলা হয় সেটাও খেলব। দেখা গেছে ওয়ানডে আসতে আসতে সবাই ভুলেই গেছে আমি ১১০০ রান করেছি। এমনও তো হতে পারে। ধরুন প্রিমিয়ার লিগে ৯০০ রান করে আমি টেস্টে গেলাম। সেখানে খারাপ খেললাম। পরের ওয়ানডে সিরিজে আমি নাই। আমি তো আশা করব ওয়ানডেতে খেলব, কিন্তু সেটা ৬ মাস পর। সবাই ভুলেই যায় ছেলেটা ভালো খেলেছে। আমরা অপেক্ষা করি কখন সুযোগ পাব। টেস্ট, ওয়ানডে, টি-২০ কোনো ব্যাপার না। যখন খারাপ খেলি তখন মনে হয় ইশ ঐ ফরম্যাট না খেললে হয়ত ভালো হতো।’ বয়স ৩২ বলে অনেকেই মনে করছেন বিজয়ের এখন আর নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ নেই। তবে বিজয় তা মানতে নারাজ। উদাহরণ দিয়েছেন কুমার সাঙ্গাকারা ও মহেন্দ্র সিং ধোনির। তিনি বলেন, ‘আপনার কাছে কত মনে হয়? আমার বয়স কত? কী মনে হয়? কোনো সমস্যা নাই। সাঙ্গাকারার ক্যারিয়ার জানেন? এমএস ধোনির ক্যারিয়ার দেখেন আপনারা। ওরা ৩০-৩২ এর পর পাঁচ বছর খেলেছে। আমি আশা ছাড়ছি না। কোনো ব্যাপারই না। আমি মনে করি একটা ইনিংসের ব্যাপার। এনামুল হক বিজয় যদি একটা ইনিংসে পারফর্ম করে আপনারাই আমাকে ভালোবাসা দিয়ে সাহস দিয়ে বা টিম ম্যানেজমেন্ট সাহস দিয়ে আমাকে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আমাকেও তো ভালো করতে হবে। তাদের দোষ না। আমি যদি একটা ফিফটি করতাম একটা সেঞ্চুরি করতাম বা দলকে জেতাতে পারতাম আমাকে বের হতে হতো না। আমিও ভালো করিনি, সাথে পর্যাপ্ত সুযোগও পাইনি। যদি একটু বেশি দিন সুযোগ আসে আরামসে খেলতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button